স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতনের উদ্যোগে বৈশাখের আনন্দ উৎসব
রাজধানীর আগারগাঁওয়ের নিউ কলোনী মাঠে অসহায় শিশুদের জন্য পরিচালিত স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতন-এর উদ্যোগে বর্ণাঢ্য বৈশাখের আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর চেয়ারম্যান মনসুর আহমেদ চৌধুরী। তিনি বলেন, বাংলা নববর্ষ বাঙালি জাতির অন্যতম গুরুত্বপূর্ণ দিন, যা ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের মাঝে আনন্দের বার্তা নিয়ে আসে।
তিনি আরও বলেন, সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের উচিত দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো। তৃণমূলের মানুষদের মধ্য থেকেই ভবিষ্যতের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব উঠে আসতে পারে, যারা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঝলক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. জাহিদ আহমেদ চৌধুরী, বাংলাদেশ নিউজ এডিটর গিল্ডের সভাপতি বাদল চৌধুরী এবং বিসিএস শিক্ষক সাহাদাত হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রকৌশলী রাকিব হাসান, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, স্বদেশ মৃত্তিকা ফাউন্ডেশনের সদস্যরা, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আকবর হোসেন।
আলোচনা পর্ব শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে বাঙালি কৃষ্টি-সংস্কৃতির ওপর ভিত্তি করে গান, নাচ, অভিনয় ও আবৃত্তির মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।












