সাংবাদিকদের চুপ করাতে মামলা? মুন্সীগঞ্জে তীব্র প্রতিক্রিয়া
মুন্সীগঞ্জে দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা কথিত মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় সাংবাদিকরা। সোমবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে গজারিয়ার মোহাম্মদ আলী প্লাজার সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে গজারিয়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা অংশগ্রহণ করেন। তারা অভিযোগ করেন, মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসে কর্মরত মিজানুর রহমান উদ্দেশ্যপ্রণোদিতভাবে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছেন।
অভিযোগে বলা হয়, বাংলাদেশ প্রতিদিন-এর মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি সৌরভ হোসেন এবং মুন্সীগঞ্জ সময় পত্রিকার সম্পাদক সুমনের বিরুদ্ধে এই মামলা করা হয়েছে, যা সাংবাদিকদের কণ্ঠরোধ ও সত্য প্রকাশে বাধা দেওয়ার চেষ্টা।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে মামলা প্রত্যাহার এবং দায়ী ব্যক্তির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসঙ্গে তারা হুঁশিয়ারি দেন, দ্রুত দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।



















