তেল লুকিয়ে রাখার দিন শেষ খবর দিলেই পুরস্কার পাচ্ছেন আপনি
দেশে জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে অবৈধ মজুতদারদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। এখন থেকে জ্বালানি তেল অবৈধভাবে মজুত করার সুনির্দিষ্ট তথ্য প্রদান করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে পুরস্কৃত করা হবে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
শুক্রবার (২৭ মার্চ) বিকালে মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইতোমধ্যে দেশের সব জেলায় ‘ভিজিলেন্স টিম’ গঠন করা হয়েছে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অবৈধ মজুতদারি বন্ধে যারা তথ্য দিয়ে সহায়তা করবেন, তাদের জন্য শিগগিরই আনুষ্ঠানিক পুরস্কার ঘোষণা করা হবে। এ লক্ষ্যে সচেতন নাগরিকদের সুনির্দিষ্ট অভিযোগ ও পরামর্শ দিতে আহ্বান জানানো হয়েছে।
এদিকে অবৈধ মজুতদারদের বিরুদ্ধে মাঠপর্যায়ে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। এর অংশ হিসেবে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ৩০টি ড্রামে অবৈধভাবে মজুত করা প্রায় ৬ হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয়েছে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, জ্বালানি খাতে শৃঙ্খলা বজায় রাখা এবং সরবরাহ ব্যবস্থা সচল রাখতে জেলা প্রশাসন কঠোর নজরদারি চালাচ্ছে। দেশের সব তেল ডিপো, পেট্রল পাম্প ও সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বর্তমানে প্রশাসনের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে।
জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।



















