দৌলতদিয়া বাস দুর্ঘটনায় শোক জানালেন বিএনপি মহাসচিব
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে তলিয়ে যাওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (২৫ মার্চ) রাতে বিএনপির সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ শোক প্রকাশ করেন। বিবৃতিতে তিনি বলেন, অর্ধশত যাত্রী নিয়ে একটি বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনায় দেশব্যাপী উদ্বেগ-উৎকণ্ঠা তৈরি হয়েছে এবং এতে ব্যাপক হতাহতের আশঙ্কা রয়েছে।
জানা যায়, দৌলতদিয়া ঘাট থেকে ফেরিতে ওঠার সময় সৌহার্দ্য পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। এতে কয়েকজন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও অধিকাংশ যাত্রী এখনো নিখোঁজ রয়েছেন।
এ পর্যন্ত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পরপরই উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ঘটনাস্থলে পৌঁছালেও বৃষ্টির কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।
বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলা ও অমনোযোগিতার কারণে এমন দুর্ঘটনা ঘটছে। আগে থেকেই যথাযথ সতর্কতা নেওয়া হলে প্রাণহানি এড়ানো সম্ভব হতো। তিনি দ্রুত উদ্ধার অভিযান জোরদার করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করে দায়ীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান।
প্রসঙ্গত, বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে। সর্বশেষ তথ্যে জানা গেছে, ১১ জন যাত্রী সাঁতরে পাড়ে উঠতে পেরেছেন এবং বাসটিতে অন্তত ৪৫ জন যাত্রী ছিলেন।



















