মির্জা আব্বাস ইস্যুতে
নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে আদালতের সমন জারি
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস-কে অপরাধমূলক ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে দায়ের করা মামলায় নাসীরুদ্দীন পাটওয়ারী-কে আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছে।
রোববার (৮ মার্চ) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. হাসান শাহাদাত এই আদেশ দেন। মামলায় বাদী হয়েছেন রমনা থানার বিএনপির সভাপতি মো. আশরাফুল ইসলাম।
বাদীপক্ষের আইনজীবী মো. আমিরুল ইসলাম আমির জানান, সকালে আদালতে মামলার আবেদন করা হলে শুনানি শেষে আদালত আসামি নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেন।
মামলার আবেদনে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শাপলা কলি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে নাসীরুদ্দীন পাটওয়ারী বিপুল ভোটে মির্জা আব্বাস-এর কাছে পরাজিত হন। এরপর থেকেই তিনি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন সংবাদমাধ্যমে মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা ও মানহানিকর বক্তব্য দিয়ে আসছেন বলে অভিযোগ করা হয়।
আবেদনে আরও উল্লেখ করা হয়, গত ৫ মার্চ ফেসবুকসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে নাসীরুদ্দীন পাটওয়ারীর একটি বক্তব্য প্রকাশিত হয়, যেখানে তিনি মির্জা আব্বাসকে “বাংলাদেশ ক্রিমিনাল র্যাংকিংয়ে নাম্বার ওয়ান গডফাদার” বলে উল্লেখ করেন। বাদীপক্ষের দাবি, এ ধরনের বক্তব্য মির্জা আব্বাসের ব্যক্তিগত ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করেছে।
অভিযোগে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে এসব বক্তব্য ছড়িয়ে পড়ায় দেশের কোটি কোটি মানুষ তা দেখেছেন এবং এতে মির্জা আব্বাসের সম্মানহানি হয়েছে।




















