‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন ডিজাইন ও সিরিজের ১০ টাকা মূল্যমানের ব্যাংক নোট মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) থেকে বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক।
বাজারে আসছে জুলাই গ্রাফিতির নতুন ১০ টাকার নোট
বাংলাদেশ ব্যাংক নতুন ডিজাইন ও সিরিজের সব মূল্যমানের কাগুজে নোট মুদ্রণের উদ্যোগ নিয়েছে। এরই ধারাবাহিকতায় গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত নতুন ডিজাইনের ১০ টাকার নোট মঙ্গলবার থেকে প্রথমবারের মতো বাজারে প্রচলনে আসছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে নোটটি ইস্যু করা হবে। পরে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য শাখা থেকেও এটি বিতরণ করা হবে।
বাংলাদেশ ব্যাংক জানায়, নতুন ডিজাইনের এই ১০ টাকার নোটের আকার ১২৩ মিলিমিটার × ৬০ মিলিমিটার। নোটটির সম্মুখভাগে বাম পাশে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ছবি এবং মাঝখানে ব্যাকগ্রাউন্ডে জাতীয় ফুল শাপলার চিত্র রয়েছে।
নোটের পেছন ভাগে মুদ্রিত হয়েছে গ্রাফিতি ২০২৪-এর চিত্র, যা নোটটির ডিজাইনে নতুন মাত্রা যোগ করেছে। পুরো নোটে গোলাপি রঙের আধিক্য লক্ষ্য করা যায়।
নিরাপত্তা বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে—
জলছাপে রয়েল বেঙ্গল টাইগারের মুখ
ইলেকট্রোটাইপ জলছাপে ‘১০’
বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম
২ মিলিমিটার চওড়া রঙ পরিবর্তনশীল নিরাপত্তা সুতা
See-Through ইমেজ
মাইক্রোপ্রিন্ট
নোটটি নাড়াচাড়া করলে নিরাপত্তা সুতার রং লাল থেকে সবুজে পরিবর্তিত হবে।
বাংলাদেশ ব্যাংক আরও জানায়, নতুন ১০ টাকার নোট বাজারে এলেও বর্তমানে প্রচলিত সব কাগুজে নোট ও ধাতব মুদ্রা আগের মতোই বৈধ থাকবে।
এছাড়া মুদ্রা সংগ্রাহকদের জন্য ১০ টাকার নমুনা (Specimen) নোটও মুদ্রণ করা হয়েছে, যা বিনিময়যোগ্য নয়। এসব নমুনা নোট নির্ধারিত মূল্যে বাংলাদেশ ব্যাংকের টাকা জাদুঘর বিভাগ, মিরপুর থেকে সংগ্রহ করা যাবে।



















