এরশাদের আমলে নির্মিত ৬৪ কিলোমিটার বেড়িবাঁধ রক্ষা ও টেকসই উন্নয়নই জাতীয় পার্টির মূল লক্ষ্য
চাঁদপুর-২ আসনে জাতীয় পার্টির গণসংযোগ: মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প রক্ষার অঙ্গীকার এমরান হোসেন মিয়ার
চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে জাতীয় পার্টির গণসংযোগ কর্মসূচিতে মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প রক্ষা ও উন্নয়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এমরান হোসেন মিয়া।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজার, পাঁচানি চৌরাস্তা বাজার ও নতুন বাজার এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
এমরান হোসেন মিয়া বলেন, মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প মতলব অঞ্চলের কৃষি, জীবনযাত্রা ও অর্থনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এই প্রকল্পের আওতায় নির্মিত ৬৪ কিলোমিটার দীর্ঘ বেড়িবাঁধ জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলেই বাস্তবায়ন করা হয়েছিল।
তিনি বলেন, এই বেড়িবাঁধ শুধু একটি অবকাঠামো নয়, এটি মতলবের লাখো মানুষের জীবনের নিরাপত্তা। জাতীয় পার্টি ক্ষমতায় এলে এই বেড়িবাঁধের রক্ষণাবেক্ষণ, আধুনিকায়ন ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা হবে।
গণসংযোগকালে তিনি স্থানীয় কৃষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের সমস্যার কথা শোনেন। তিনি বলেন, রাজনীতি মানে শুধু নির্বাচন নয়, মানুষের পাশে থাকা। জাতীয় পার্টি সবসময় উন্নয়ন ও জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে এসেছে।
গণসংযোগে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।










