হাদির দাফন শেষে ২৪ ঘণ্টার আলটিমেটাম: শাহবাগে জড়ো হওয়ার ডাক ইনকিলাব মঞ্চের
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখযোদ্ধা শরিফ ওসমান হাদির জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। দাফন শেষেই সংগঠনের পক্ষ থেকে সাধারণ জনগণকে শাহবাগে জড়ো হওয়ার আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে হাদির ওপর হামলাকারীদের গ্রেফতারে গত এক সপ্তাহে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানাতে স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরীকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ।
শনিবার (২০ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজার ঠিক আগমুহূর্তে পরিবারের পক্ষ থেকে দেওয়া বক্তব্যে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের এই কঠোর আলটিমেটাম ঘোষণা করেন।
আবদুল্লাহ আল জাবের বলেন, “এক সপ্তাহ পেরিয়ে গেলেও হাদির ওপর হামলাকারীকে গ্রেফতার করা হয়নি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরীকে গত এক সপ্তাহে তাদের নেওয়া পদক্ষেপ সম্পর্কে জনগণকে জানাতে হবে।”
তিনি নেতাকর্মী ও সমর্থকদের কোনো ধরনের উসকানিতে পা না দেওয়া এবং সহিংসতার আহ্বানে সাড়া না দেওয়ার অনুরোধ জানান। জাবের বলেন, “ইনকিলাব মঞ্চ থেকেই পরবর্তী সব সিদ্ধান্ত জানানো হবে।”
এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। জানাজায় বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা এবং ধর্ম উপদেষ্টা। হাদির বড় ভাই ওমর বিন হাদি জানাজায় ইমামতি করেন। পরে বেলা সোয়া ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাকে দাফন করা হয়।
শনিবার ভোর থেকেই হাদিকে শেষবারের মতো দেখতে হাসপাতাল ও সংসদ ভবন এলাকায় মানুষের ঢল নামে। এর আগে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা হাদির মৃত্যুতে শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছিলেন।










