হাদির মৃত্যুতে যাত্রাবাড়ী ও শনির আখড়া অবরোধ, যানজটে অচল মহাসড়ক
জুলাই বিপ্লবের অন্যতম অগ্রসেনা ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরে উত্তাল হয়ে উঠেছে রাজধানী। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) মধ্যরাতে তার মৃত্যুর প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ী ও শনির আখড়া এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে ছাত্র-জনতা। এর প্রভাবে শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালেও তীব্র যানজটে স্থবির হয়ে আছে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-মাওয়া ও ঢাকা-ডেমরা সড়ক।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে ২টা পর্যন্ত শনির আখড়া ও যাত্রাবাড়ীর একাধিক পয়েন্টে অবস্থান নিয়ে ‘ব্লকেড’ কর্মসূচি পালন করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এর ফলে ঢাকা থেকে চট্টগ্রামগামী এবং চট্টগ্রাম থেকে ঢাকাগামী যান চলাচল প্রায় সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে যানজটের দীর্ঘ সারি তৈরি হয়, যা শুক্রবার সকালেও অব্যাহত রয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টায় সরেজমিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রায়েরবাগ এলাকায় দেখা যায়, বাস, ট্রাক, কাভার্ডভ্যান ও প্রাইভেটকারসহ সব ধরনের যানবাহন দীর্ঘ সময় ধরে ঠাঁয় দাঁড়িয়ে আছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন শত শত যাত্রী, বিশেষ করে রোগী ও তাদের স্বজনরা।
বাস ও ট্রাকচালকরা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার পর থেকেই তারা একই স্থানে আটকে আছেন।
ওয়ারী ট্রাফিক বিভাগের যাত্রাবাড়ী জোনের টিআই মো. মুন্নাফ মুন্সী বলেন, “জুলাই বিপ্লবের অগ্রসেনা ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে রাত ১২টার পর যাত্রাবাড়ী ও শনির আখড়া সড়ক অবরোধ করে ছাত্র-জনতা। এতে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট ও ঢাকা-মাওয়া সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। রাত ২টার পর অবরোধ তুলে নেওয়া হলেও গাড়ির চাপের কারণে সেই রেশ এখনো কাটেনি। আশা করি, এক-দেড় ঘণ্টার মধ্যে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হবে।”










