নিরবচ্ছিন্ন তেল সরবরাহে ১৯ ডিপোতে বিজিবি মোতায়েন
জ্বালানি তেলের মজুত প্রতিরোধ ও দেশের সব পাম্পে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১৯টি তেলের ডিপোতে মোতায়েন করা হয়েছে।
বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধির কারণে অননুমোদিত মজুতের চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ডিপোগুলোর নিরাপত্তা, প্রশাসনিক তদারকি ও শৃঙ্খলা রক্ষা করা হচ্ছে।
ঢাকা, কুড়িগ্রাম, রংপুর, রাজশাহী, সিলেট, মৌলভীবাজার, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও সুনামগঞ্জে মোট ৯টি জেলায় ১৯টি ডিপোতে বিজিবি সদস্যরা অস্থায়ী বেইজ ক্যাম্পে দায়িত্ব পালন করছেন। তারা নিয়মিত তদারকি, গোয়েন্দা নজরদারি এবং অবৈধ তেল মজুত প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিচ্ছেন।
সীমান্ত এলাকায় অতিরিক্ত টহল, নৌ টহল, চেকপোস্ট এবং যানবাহনে নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে, যাতে তেলের অবৈধ পারাপারও প্রতিরোধ করা যায়। ডিপো এলাকায় বিজিবির দৃশ্যমান উপস্থিতি নিশ্চিত করার মাধ্যমে সরবরাহ স্বাভাবিক রাখা এবং জনমনে আস্থা বৃদ্ধি করা হচ্ছে।




















