৫ বছরে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী Tarique Rahman বলেছেন, আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রায় ৪ কোটি পরিবারকে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ডের আওতায় আনার পরিকল্পনা নিয়েছে সরকার। এর মাধ্যমে বিশেষ করে নারীপ্রধান পরিবারগুলোর আর্থিক সক্ষমতা বাড়ানো হবে।
মঙ্গলবার রাজধানীর বনানীতে কড়াইল বস্তি সংলগ্ন টিঅ্যান্ডটি খেলার মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে তার সহধর্মিণী Zubaida Rahman উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী জানান, দেশের ১৪টি এলাকায় এই কর্মসূচি চালু হয়েছে এবং বর্তমানে প্রায় ৩৭ হাজার নারী এতে যুক্ত হয়েছেন। কড়াইল, ভাসানটেক ও সাততলা এলাকায় প্রায় ১৫ হাজার নারী ইতোমধ্যে এই সুবিধার আওতায় এসেছেন।
তিনি বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। তাদের শিক্ষা ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত না করলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই নারীপ্রধান পরিবারগুলোকে শক্তিশালী করতেই সরকার ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়ন করছে।



















