মতলব উত্তরে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
আমিনুল ইসলাম আল আমিন :
রোজ খবর চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুর এসএসসি ২০২৫ ব্যাচের উদ্যোগে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতি স্মরণে মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৬ সিজন-১ উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকালে এখলাছপুর মাঠে খেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর সরকার। উদ্বোধক হিসেবে ছিলেন চাঁদপুর জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনু।
উদ্বোধনী খেলায় এখলাছপুর ব্রাদার্স কিং বনাম হানিরপাড় স্পোর্টিং ক্লাব অংশগ্রহন করে। ২৫ মিনিট করে ৫০ মিনিটের খেলায় দুই দল একটি করে গোল সংগ্রহ করে। পরে ট্রাইব্রেকারে হানিরপাড় স্পোর্টিং একাদশ বিজয়ী হয়েছে। টান উত্তেজনা খেলায় হাজার হাজার দর্শক স্রোতা খেলা উপভোগ করেন।
প্রধান অতিথি আলমগীর সরকার বলেন, খেলাধুলা আমাদের শরীর ও মনকে সুস্থ রাখার পাশাপাশি শৃঙ্খলা, ঐক্য, নেতৃত্ব ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলে। ফুটবল তরুণ সমাজকে মাদক ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তিনি আরও বলেন, আজকের এই সুন্দর আয়োজন তারই একটি প্রশংসনীয় উদাহরণ। আমি আশা করি, খেলোয়াড়রা প্রতিযোগিতার পাশাপাশি খেলোয়াড়সুলভ মনোভাব, সৌহার্দ্য ও শৃঙ্খলা বজায় রাখবে। আয়োজকদের এমন সুন্দর উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানাই।
উদ্বোধক খায়রুল হাসান বেনু বলেন, খেলাধুলা আমাদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্ব, ঐক্য ও ভ্রাতৃত্ববোধ তৈরি করে। বিশেষ করে তরুণদের মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।
আমি আশা করি, উভয় দলের খেলোয়াড়রা সুন্দর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপহার দেবে এবং খেলোয়াড় সুলভ মনোভাব বজায় রাখবে। এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকুক, এই প্রত্যাশা করি।
এখলাছপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জুয়েল পাটোয়ারীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক কাশেম মল্লিক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কবির বেপারী, উপজেলা যুবদলের আহ্বায়ক রাশেদ জামান টিপু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু, উপজেলা মহিলা দলের নেত্রী রাহেলা আক্তার। পরিচালনায় ছিলেন, রাসেল কাজী, মোঃ জহির, মোঃ সাজ্জাদ। ধারাভাষ্যকার ছিলেন মোঃ মিরাজ আহম্মেদ মুন্না।






















