হরমুজে জাহাজে ইরানের মোটা অঙ্কের টোল—প্রতি ট্রিপে ২৪ কোটি টাকা
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ থেকে ট্রানজিট ফি আদায় শুরু করেছে ইরান। এতে করে আন্তর্জাতিক নৌপথে তেহরানের নিয়ন্ত্রণ আরও স্পষ্ট হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, প্রতিটি যাত্রায় জাহাজগুলোর কাছ থেকে সর্বোচ্চ ২০ লাখ মার্কিন ডলার পর্যন্ত দাবি করা হচ্ছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৪ কোটি ৫০ লাখ টাকা (প্রতি ডলার ১২২.৪৬ টাকা ধরে)।
এ কার্যক্রমকে অনেকেই অনানুষ্ঠানিক ‘টোল’ হিসেবে উল্লেখ করছেন। ইতোমধ্যে কিছু জাহাজ এই অর্থ পরিশোধ করেছে বলেও জানা গেছে। তবে অর্থ আদায়ের নির্দিষ্ট প্রক্রিয়া, কোন মুদ্রায় লেনদেন হচ্ছে কিংবা এটি সব জাহাজের জন্য বাধ্যতামূলক কি না—এসব বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ ব্যবস্থায় নতুন অনিশ্চয়তা তৈরি করতে পারে, কারণ বৈশ্বিক তেলের বড় একটি অংশ এই পথ দিয়েই পরিবাহিত হয়।



















