ঈদে সরকারি বরাদ্দ খরচের তালিকা প্রকাশ করলেন এমপি হাসনাত আব্দুল্লাহ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি বরাদ্দের অর্থ কীভাবে ব্যয় করা হয়েছে, তার বিস্তারিত তালিকা প্রকাশ করেছেন কুমিল্লার দেবিদ্বার আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। একই সঙ্গে উপকারভোগীদের পূর্ণাঙ্গ তালিকাও উন্মুক্ত করেছেন তিনি।
মঙ্গলবার (২৪ মার্চ) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি এবং ‘জবাবদিহিতা’ নামের একটি পেজে দেওয়া পোস্টে তিনি এ তথ্য জানান।
এমপি হাসনাত আব্দুল্লাহ জানান, উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ১৪৪টি ওয়ার্ডে এ সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। তবে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় উপকারভোগীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর ও মোবাইল নম্বর আংশিক গোপন রাখা হয়েছে।
তিনি আরও জানান, নির্ধারিত তালিকার ভিত্তিতে ১ হাজার মানুষকে জনপ্রতি এক হাজার টাকা করে মোট ১০ লাখ টাকা বিতরণ করা হয়েছে। পাশাপাশি ৫০০ জনকে ঈদ সামগ্রী সরাসরি দেওয়া হয়েছে।
হাসনাত আব্দুল্লাহ বলেন, সহায়তা বিতরণের ক্ষেত্রে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হয়নি; বরং প্রকৃত সুবিধাবঞ্চিতদের কাছে সহায়তা পৌঁছে দেওয়াই ছিল মূল লক্ষ্য।
তিনি স্বীকার করেন, উপজেলার সব সুবিধাবঞ্চিত মানুষকে এই সহায়তার আওতায় আনা সম্ভব হয়নি। সরকারি বরাদ্দে এক হাজার জন এবং ব্যক্তিগত উদ্যোগে ৫০০ জন সহায়তা পেলেও এখনো অনেক মানুষ বাকি থাকতে পারে বলে উল্লেখ করেন তিনি।
স্বচ্ছতা নিশ্চিত করতেই পুরো তালিকা প্রকাশ করা হয়েছে বলেও জানান এই সংসদ সদস্য।
এর আগে ১০ মার্চ রাতে সামাজিক মাধ্যমে লাইভে এসে নিজের নির্বাচনি এলাকার উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত বক্তব্য দেন তিনি।



















