দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন
আজ ইউসুফ আলী খানের ৩৬তম মৃত্যুবার্ষিকী
১১ মার্চ ২০২৬
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজবা ইউনিয়নের আমুয়াকান্দি গ্রামের কৃতী সন্তান ও ১১ নম্বর পশ্চিম ফতেপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মরহুম ইউসুফ আলী খানের ৩৬তম মৃত্যুবার্ষিকী বুধবার (১১ মার্চ) যথাযোগ্য মর্যাদায় পালিত হবে।
মরহুম ইউসুফ আলী খান ছিলেন এলাকার একজন সুপরিচিত, সৎ ও সমাজসেবী ব্যক্তিত্ব। জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি এলাকার উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। তার সততা, ন্যায়পরায়ণতা ও মানবিক আচরণের জন্য তিনি এলাকাবাসীর কাছে অত্যন্ত সম্মানিত ছিলেন।
মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানো এবং বিভিন্ন সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের কারণে তিনি আজও এলাকাবাসীর হৃদয়ে স্মরণীয় হয়ে আছেন।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় পরিবার ও স্বজনদের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
এ উপলক্ষে মরহুমের রূহের মাগফিরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার সন্তান, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি এবং সৌদি আরবের তাবুক এনটিভির প্রতিনিধি সাংবাদিক ইসমাইল খান টিটু। তিনি বলেন, তার পিতা মরহুম ইউসুফ আলী খান সবসময় মানুষের কল্যাণে কাজ করেছেন এবং সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তিনি সবার কাছে তার পিতার জন্য দোয়া কামনা করেন।
পরিবারের পক্ষ থেকে মরহুম ইউসুফ আলী খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীদের দোয়ায় শরিক হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
পরিবার ও এলাকাবাসীর প্রত্যাশা, মহান আল্লাহ তায়ালা যেন মরহুম ইউসুফ আলী খানকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমিন।


















