১২ মার্চ সংসদে উঠছে অন্তর্বর্তী সরকারের সব অধ্যাদেশ
রোজখবর ডেস্ক | প্রকাশ: ০৩ মার্চ ২০২৬
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের জারি করা সব অধ্যাদেশ আগামী ১২ মার্চ জাতীয় সংসদে উপস্থাপন করা হবে। সংসদে আলোচনা শেষে কোন অধ্যাদেশ গ্রহণ করা হবে আর কোনটি হবে না—সেই সিদ্ধান্ত নেওয়া হবে।
মঙ্গলবার (৩ মার্চ) সিলেট সিটি করপোরেশন কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, দলীয় প্রতীকের পরিবর্তে সাধারণ প্রতীকে নির্বাচন আয়োজনের বিষয়ে একটি অধ্যাদেশ ইতোমধ্যে জারি হয়েছে। তবে প্রতীকের বিষয়টি চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না। সংসদে অধ্যাদেশ গৃহীত হলে তা আইন আকারে পাস করতে হবে, এরপর দ্রুততম সময়ে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা হবে।
সিলেটের জলাবদ্ধতা নিরসনে নির্দেশনা
মতবিনিময় সভায় সিলেট নগরের জলাবদ্ধতা, খাল খনন, ছড়া উদ্ধার ও চলমান উন্নয়ন প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রতিমন্ত্রী বলেন, সিলেট অত্যন্ত সুন্দর নগরী হলেও পানি নিষ্কাশন ও জলাবদ্ধতা বড় সমস্যা হিসেবে চিহ্নিত হয়েছে। এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নির্দেশেই তার এ সফর। সফরের বিষয়টি জেনে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জোবাইদা রহমান সন্তোষ প্রকাশ করেছেন বলেও উল্লেখ করেন তিনি। সফর শেষে সিলেটের বিভিন্ন সীমাবদ্ধতার বিষয় প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে।
এর আগে প্রতিমন্ত্রী সিলেটের রিকাবীবাজারে অবস্থিত কবি নজরুল অডিটরিয়াম এবং নগরের ধোপাদিঘীর ওয়াকওয়ে পরিদর্শন করেন।
সভায় উপস্থিত ছিলেন সিসিক প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সংসদ সদস্য এমএ মালিক, এমরান আহমদ চৌধুরীসহ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।



















