মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের বেড়িবাঁধ সড়কে ড্রেজার পাইপের বাধা, ঘটছে অহরহ দুর্ঘটনা
মতলব (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলা এলাকার মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প বেড়িবাঁধ সড়কে ড্রেজার পাইপ বসিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকিতে পড়ছেন পথচারী ও যানবাহন চালকরা। উপজেলার ফরাজীকান্দি ইউনিয়ন-এর চরমাছুয়া ভাসমান রেস্তোরাঁ সংলগ্ন অংশে এ ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে।
স্থানীয়রা জানান, সড়কের ওপর উঁচু করে পাইপ বসিয়ে বালু ভরাটের কাজ চলছে। ধনাগোদা নদীর তীরবর্তী বাল্কহেড থেকে ড্রেজারের মাধ্যমে বালু এনে বেড়িবাঁধের ভেতরের জমি ভরাট করা হচ্ছে। ফলে গুরুত্বপূর্ণ এই সড়কে দিনরাত যান চলাচলে মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে। বিশেষ করে রাতে পর্যাপ্ত আলো না থাকায় চালকদের জন্য পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে ওঠে।
রোববার রাতে ওই স্থানে দুই মোটরসাইকেল আরোহী দুর্ঘটনায় আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। নিয়মিত চলাচলকারী মোটরসাইকেলচালক এমরান হোসেন বলেন, দিনে সাবধানে চললেও রাতে পাইপ দেখা যায় না। হঠাৎ সামনে পড়লে দুর্ঘটনা এড়ানো কঠিন। একই অভিযোগ করেন অটোরিকশাচালক জাহাঙ্গীর। তাঁর দাবি, দ্রুত পাইপ অপসারণ না করলে বড় দুহর্ঘটনা ঘটতে পারে।
স্থানীয়দের দাবি, জনস্বার্থে দ্রুত সড়ক থেকে ড্রেজার পাইপ সরিয়ে নিরাপদ চলাচল নিশ্চিত করা হোক।
স্থানীয় বাসিন্দারা আরো জানান, ব্যবসায়িক উদ্দেশ্যে ড্রেজার মালিক সোলাইমান পাইপ স্থাপন করেছেন এবং দিনরাত কাজ চলছে। তবে এ বিষয়ে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি বলেন, বেড়িবাঁধে অবৈধভাবে পাইপ বসানো নিয়ে আগে কয়েকবার মোবাইল কোর্ট পরিচালনা করেছি। বিষয়টি আবার খোঁজ নিয়ে সড়ক বিভাগের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।













