শুক্রবার দুপুরে উপজেলার ইমামপুর ইউনিয়নের রসূলপুর খেয়াঘাট সংলগ্ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে পদত্যাগের ঘোষণা দেন উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহমান শফিক।
গজারিয়ায় স্বেচ্ছায় বিএনপি-যুবদলের ২২ নেতাকর্মীর পদত্যাগ
মুন্সীগঞ্জের গজারিয়ায় তৃণমূল নেতাদের মতামত উপেক্ষা ও জনপ্রিয় নেতাদের বহিষ্কারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করে উপজেলা বিএনপির সদস্য সচিব ও যুবদলের আহ্বায়কসহ ২২ নেতাকর্মী স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।
শুক্রবার দুপুরে উপজেলার ইমামপুর ইউনিয়নের রসূলপুর খেয়াঘাট সংলগ্ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে পদত্যাগের ঘোষণা দেন উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহমান শফিক।
লিখিত বক্তব্যে তিনি বলেন, মুন্সীগঞ্জ-৩ আসনের (সদর, শহর, গজারিয়া, মীরকাদিম পৌরসভা) ৭৮ জন সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে ৭৪ জন নেতা মহিউদ্দিন আহমেদকে সমর্থন জানালেও তাদের মতামত উপেক্ষা করে অন্য প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে। পাশাপাশি জেলা বিএনপির জনপ্রিয় ও গ্রহণযোগ্য নেতা মহিউদ্দিন আহমেদ এবং কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মুহাম্মদ মজিবুর রহমানসহ ১৩ নেতাকে বহিষ্কারের প্রতিবাদে তারা স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
পদত্যাগ করা অন্যান্য নেতাকর্মীদের মধ্যে রয়েছেন— জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. বোরহান উদ্দিন ভূঁইয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিক শিকদার, ইঞ্জি. মুকবুল আহমেদ রতন, বিভিন্ন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবদের মধ্যে গিয়াসউদ্দিন মেম্বার, জাহাঙ্গীর মাতবর, স্বপন সরকার, এম এ হানিফ, আমিরুল ইসলাম, আতাউর রহমান, আজমল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক (জিএস) ওয়াহিদুজ্জামান, উপজেলা মৎসজীবী দলের সাধারণ সম্পাদক রবিউল হোসেনসহ মোট ২২ জন নেতাকর্মী।
এদিকে, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মারুফ মিয়াজী ইতোমধ্যে ফেসবুক লাইভে এসে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। দলীয় সূত্র জানায়, আরও অর্ধশতাধিক নেতাকর্মী পদত্যাগ করতে পারেন।
উল্লেখ্য, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মুন্সীগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন আহমেদসহ ১৩ নেতাকর্মীকে এরই মধ্যে জেলা বিএনপির সদস্য সচিব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।




















