শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবিতে শুক্রবার জুমার পর সারাদেশে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ।
শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সারাদেশে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক
শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সারাদেশে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। আগামীকাল শুক্রবার (১৬ জানুয়ারি) জুমার নামাজের পর দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশের ডাক দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের এ কর্মসূচির ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, “বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা, বিভাগীয় শহর, ইউনিয়ন ও গ্রামে শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ পালন করার আহ্বান জানাচ্ছি। আপামর জনসাধারণকে অনুরোধ করছি, এই কর্মসূচি সফল করুন এবং দ্রুত বিচার নিশ্চিত করুন।”
তিনি আরও বলেন, সাগর–রুনি হত্যাকাণ্ডের মতো যেন শহীদ ওসমান হাদির হত্যার বিচার তারিখের পর তারিখে না গড়ায়। অন্যথায় আন্দোলনের কর্মসূচি আরও কঠোর হবে। পর্যায়ক্রমে অবরোধ, যমুনা ভবন ঘেরাও, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রয়োজনে সংসদ ভবন ঘেরাওয়ের মতো কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
আব্দুল্লাহ আল জাবের জানান, হাদি হত্যাকাণ্ডে দাখিল করা চার্জশিটের পর্যালোচনা শুনানিতে ইনকিলাব মঞ্চ ও তাদের আইনজীবীরা তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দিয়েছেন। তার অভিযোগ, তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য উপেক্ষা করা হয়েছে।
তিনি বলেন, ডিবির পক্ষ থেকে জানানো হয়েছিল—হত্যাকাণ্ডের দিন ঘটনাস্থলে পাঁচটি টিম প্রস্তুত ছিল এবং একটি দল ব্যর্থ হলে অন্য দল গুলি চালানোর প্রস্তুতিতে ছিল। অথচ চার্জশিটে বাকি টিমগুলোর কোনো উল্লেখ নেই। এমনকি ২১ সদস্যের একটি টিমের কথা বলা হলেও তাদের নাম চার্জশিটে নেই বলে অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা।




















