উৎফুল্ল জেলাবাসী
মুন্সিগঞ্জে সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মানে সরকারি নীতিগত অনুমোদন
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মুন্সিগঞ্জে সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণের নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ গত ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানায়।
প্রজ্ঞাপনে বলা হয়, মুন্সিগঞ্জ জেলায় একটি নতুন সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনে সরকার সম্মতি প্রদান করেছে। দীর্ঘদিন ধরে প্রতিশ্রুতি থাকলেও প্রকল্পটি বাস্তবায়ন হয়নি। তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান ও নৌবাহিনী প্রধান এডমিরাল নাজমুল হাসানের উদ্যোগে অনুমোদন প্রক্রিয়া গতি পায়।
মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণের খবরে জেলাজুড়ে আনন্দের আবহ তৈরি হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে স্থানীয়দের উন্নত চিকিৎসাসেবা প্রাপ্তি সহজ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

























