রাষ্ট্রীয় মর্যাদা প্রদর্শনের পর জিয়াউর রহমানের সমাধির পাশেই খালেদা জিয়াকে দাফন করা হয়।
লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে জিয়া উদ্যানে খালেদা জিয়ার দাফন, চলছে শেষ আনুষ্ঠানিকতা
লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন করা হয়েছে। বর্তমানে সেখানে শেষ সময়ের আনুষ্ঠানিকতা চলছে। এরপর তার স্মরণে এক মিনিটের নিরবতা পালন এবং শ্রদ্ধা নিবেদন করা হবে।
এর আগে বুধবার (৩১ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবন এলাকা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় জাতীয় পতাকায় মোড়া লাশবাহী গাড়িতে করে খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে নেওয়া হয়। বিকেল সাড়ে চারটার দিকে বিশেষ একটি বাহনে করে মরদেহটি সাবেক রাষ্ট্রপতি ও তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে নেওয়া হয়।
রাষ্ট্রীয় মর্যাদা প্রদর্শনের পর জিয়াউর রহমানের সমাধির পাশেই খালেদা জিয়াকে দাফন করা হয়। দাফন প্রক্রিয়ার সময় তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান, ছোট ভাই আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমানসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা দাঁড়িয়ে গভীর শোক ও শ্রদ্ধা জানান।
এর আগে মানিক মিয়া অ্যাভিনিউতে বুধবার বেলা ৩টা ৩ মিনিটে খালেদা জিয়ার জানাজা শুরু হয়। মাত্র দুই মিনিটের মধ্যেই, ৩টা ৫ মিনিটে জানাজা সম্পন্ন হয়। জানাজায় অংশ নিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মানুষের ঢল নামে। মানিক মিয়া অ্যাভিনিউসহ আশপাশের সড়কগুলোতে সৃষ্টি হয় জনসমুদ্র, যা এক আবেগঘন ঐতিহাসিক দৃশ্যের জন্ম দেয়।




















