মোহাম্মদপুরে কিশোর গ্যাং চাঁন মানিকসহ আটক ৫০
রাজধানীর অপরাধের হটস্পট মোহাম্মদপুরে আবারও বড়সড় আঘাত হেনেছে যৌথ বাহিনী। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোর থেকে বসিলা ও এর আশেপাশের এলাকায় পরিচালিত সাঁড়াশি অভিযানে কুখ্যাত কিশোর গ্যাং ‘চাঁন-মানিক’ গ্রুপের প্রধান চাঁন সামুরাইসহ অন্তত ৫০ জনকে আটক করা হয়েছে। সন্ত্রাস, চাঁদাবাজি ও ছিনতাইয়ে জড়িত এই গ্যাংয়ের দৌরাত্ম্য কমাতে সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও এপিবিএন এই যৌথ অভিযান পরিচালনা করে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, মঙ্গলবার ভোর ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত মোহাম্মদপুরের বসিলা ও সংলগ্ন ৬টি চিহ্নিত স্পটে এই ব্লক রেইড চালানো হয়। অভিযানে কিশোর গ্যাং লিডার চাঁন মিয়া ওরফে চাঁন সামুরাইকে আটক করা হয়। তার বিরুদ্ধে হত্যা, ছিনতাই ও মাদকসহ প্রায় ২২টি মামলা রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
অভিযানে আটককৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য এবং ছিনতাইয়ের কাজে ব্যবহৃত বিভিন্ন মোবাইল ফোন ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, ‘চাঁন-মানিক’ গ্রুপটি দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল। এর আগে এই গ্রুপের সেকেন্ড-ইন-কমান্ড মানিক ও তার সহযোগী রাজিবকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়েছিল। এবার দলনেতা চাঁন সামুরাই আটক হওয়ায় গ্যাংটি দুর্বল হয়ে পড়বে বলে আশা করছে এলাকাবাসী। আটককৃত সবার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




















