৭ ঘণ্টায় ১২ লাখ টাকা অনুদান: ডা. তাসনিম জারা
নির্বাচনী ব্যয়ের জোগান দিতে সাধারণ মানুষের কাছে আর্থিক সহায়তা চেয়েছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও ঢাকা-৯ আসনের প্রার্থী ডা. তাসনিম জারা। তার সেই আহ্বানে অভূতপূর্ব সাড়া মিলেছে। ফেসবুকে পোস্ট দেওয়ার মাত্র সাত ঘণ্টার মধ্যেই ১২ লাখ টাকার বেশি অনুদান জমা পড়েছে বলে জানিয়েছেন তিনি।
সোমবার (২২ ডিসেম্বর) রাতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লড়তে নির্বাচনী ব্যয় মেটাতে ভোটার ও শুভাকাঙ্ক্ষীদের কাছে সহায়তা চেয়ে ফেসবুকে একটি ভিডিও বার্তা শেয়ার করেন ডা. তাসনিম জারা। এর জেরে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোরে এক স্ট্যাটাসে তিনি জানান, মাত্র কয়েক ঘণ্টায় ১২ লাখ টাকার বেশি ফান্ড সংগ্রহ হয়েছে।
ডা. জারা উচ্ছ্বাস প্রকাশ করে লেখেন, “এতটা অভূতপূর্বভাবে আপনারা পাশে দাঁড়াবেন, তা সত্যিই আমাদের কল্পনার বাইরে ছিল। আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।”
তিনি জানান, তাদের নির্বাচনী প্রচারণার জন্য মোট লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪৬ লাখ ৯৩ হাজার ৫৮০ টাকা। যেহেতু ১২ লাখ টাকা উঠে গেছে, তাই আর ৩৪ লাখ টাকা সংগ্রহ সম্পন্ন হলেই তারা এই গণতহবিল সংগ্রহ (ফান্ডরেইজিং) কার্যক্রম বন্ধ করে দেবেন।
অল্প সময়ে অতিরিক্ত লেনদেনের কারণে রাত ২টার পর থেকে তার বিকাশ নম্বরের নির্ধারিত লিমিট অতিক্রম করে যায়। এ বিষয়ে ডা. জারা জানান, আপাতত বিকাশে টাকা পাঠানো যাচ্ছে না, তবে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ডোনেশন গ্রহণ অব্যাহত রয়েছে।
ডা. তাসনিম জারার মতো তরুণ প্রার্থীর আহ্বানে সাধারণ মানুষের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে ইতিবাচক হিসেবে দেখছেন নেটিজেনরা।




















