‘আওয়ামী লীগকে আশ্রয় দিলে সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে দেব’: হাসনাত আব্দুল্লাহর হুঁশিয়ারি
ভারত যদি আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয় ও প্রশ্রয় দেওয়া বন্ধ না করে, তবে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় ‘সেভেন সিস্টার্স’ রাজ্যগুলোকে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সোমবার (১৫ ডিসেম্বর) কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক সমাবেশে তিনি এই বিস্ফোরক মন্তব্য করেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, “যারা আমার দেশের সার্বভৌমত্ব, ভোটাধিকার ও মানবাধিকারকে সম্মান করে না, বরং এদেশের সন্তানদের হত্যাকারী সন্ত্রাসীদের আশ্রয় ও ট্রেনিং দিয়ে উসকে দিচ্ছে—তাদের আমরা স্পষ্ট বলে দিচ্ছি। আপনাদের ওখানে যারা স্বাধীনতা চায়, আমরাও তাদের আশ্রয় দিয়ে সেই সেভেন সিস্টার্সকে ভারত থেকে বিচ্ছিন্ন করে দেব।”
দিল্লির ‘তাবেদারদের’ সতর্ক করে তিনি বলেন, “যারা এখনো দিল্লির গোলামি করছেন, তাদের বিরুদ্ধে লড়াই করে প্রয়োজনে আমরা তৃতীয় স্বাধীনতা অর্জন করব।”
নির্বাচন কমিশনের কড়া সমালোচনা করে হাসনাত বলেন, “আমাদের মৃত্যু এই কমিশনের কাছে কেবল একটি সংখ্যা মাত্র। আমরা অপেক্ষায় আছি এই মেরুদণ্ডহীন প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গেও যেন এমন ঘটনা ঘটে। মনে রাখবেন, এক নির্বাচন কমিশনার গেলে হাজারটা পাওয়া যাবে, কিন্তু আমাদের ভাই হাদি চলে গেলে আর কোনো হাদিকে পাওয়া যাবে না।” এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীল দলের শিক্ষকদের ক্যাম্পাস থেকে বের করে দেওয়ার আহ্বান জানান তিনি।
সমাবেশে উপস্থিত ও অনুপস্থিত রাজনীতিবিদদের উদ্দেশ্য করে তিনি বলেন, “যারা শহীদ মিনারে আসেননি, ক্ষমতার লোভে অন্ধ হবেন না। আর যারা এখানে এসে বক্তব্য দিয়ে আবার পেছনের দরজা দিয়ে সিট ভাগাভাগির নেগোসিয়েশন করবেন, তাদের দিয়ে জাতীয় ঐক্য হবে না।”
একই সমাবেশে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, “জুলাই অভ্যুত্থানের গণহত্যাকারী ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কোনোদিন স্বাভাবিক হতে পারে না।”
তিনি ভারতীয় দূতাবাসের উদ্দেশ্যে বলেন, “বাংলাদেশে অবস্থিত ভারতীয় দূতাবাস যদি এ দেশের মানুষের আকাঙ্ক্ষা ও চাওয়া-পাওয়া ভারতের কাছে তুলে ধরতে ব্যর্থ হয়, তবে ওই বিল্ডিংগুলো থাকার কোনো দরকার নেই।” তিনি হুঁশিয়ারি দেন, জুলাই আন্দোলনের যোদ্ধাদের ওপর আঘাত আসলে সেই আগুন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে।
রোজ খবর…




















