‘আ.লীগ ৫০ জন প্রার্থীকে হত্যা করবে’: রাশেদ খানের বিস্ফোরক অভিযোগ
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বিস্ফোরক অভিযোগ করে বলেছেন, আওয়ামী লীগ একটি ‘মিশন’ নিয়েছে এবং তারা দেশের প্রায় ৫০ জন প্রার্থীকে হত্যা করার পরিকল্পনা করেছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলা সেই পরিকল্পনারই অংশ বলে দাবি করেন তিনি। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রাশেদ খান বলেন, “আওয়ামী লীগ একটা মিশন নিয়েছে, প্রায় ৫০ জন প্রার্থীকে তারা হত্যা করবে, এটা তারা শুরু করেছে। আমাদের বিপ্লবী যোদ্ধা ওসমান হাদি ভাই, যিনি আওয়ামী ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করছিলেন, তাকে হত্যার উদ্দেশ্যে মাথায় গুলি চালানো হয়েছে। অথচ এখনো আসামিদের গ্রেফতার করা যায়নি।”
স্বরাষ্ট্র উপদেষ্টার ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণার সমালোচনা করে রাশেদ খান বলেন, “স্বরাষ্ট্র উপদেষ্টা পুরস্কার ঘোষণা করেছেন, তাহলে আপনার গোয়েন্দা সংস্থা, পুলিশ, র্যাব ও যৌথবাহিনী কী করছে? আমার মনে হয় ফ্যাসিবাদের দোসর যারা সরকারে, উপদেষ্টা পরিষদে এবং বিভিন্ন বাহিনীতে ঘাপটি মেরে আছে, তাদের ধরার জন্য এবার ‘অপারেশন ডেভিল হান্ট-২’ ঘোষণা করা উচিত।”
অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন, “রাষ্ট্র পরিচালনায় সরকারের অযোগ্যতা, অদক্ষতা এবং উপদেষ্টাদের মধ্যে সমন্বয়হীনতা আমরা দেখেছি। তারা সংস্কারের কথা বলে উন্নত রাষ্ট্র উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তার কিছুই আমরা দেখিনি।”
বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে রাশেদ খান বলেন, “দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আমরা সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের ভিত্তিতে সেই কাঙ্ক্ষিত নতুন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারিনি। আওয়ামী লীগ নিজেদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি দাবি করলেও মূলত গণতন্ত্র ও নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে মুক্তিযুদ্ধের চেতনাকেই ভূলুণ্ঠিত করেছে।”
রোজ খবর….




















