ওসমান হাদিকে হত্যাচেষ্টা মামলা ডিবিতে হস্তান্তর
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার মামলার তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি) হস্তান্তর করা হয়েছে। এখন থেকে ডিবি মতিঝিল বিভাগ এই চাঞ্চল্যকর মামলার তদন্ত করবে।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার গুরুত্ব বিবেচনা করে পল্টন থানায় দায়েরকৃত মামলাটি ডিবি মতিঝিল বিভাগে হস্তান্তর করা হয়েছে এবং তারা তদন্ত কাজ শুরু করেছে।
পল্টন থানার পরিদর্শক (অপারেশন) ইয়াসিন মিয়া জানান, শনিবার রাতে হাদির ওপর হামলার ঘটনায় পল্টন মডেল থানায় একটি হত্যাচেষ্টা মামলা (মামলা নং-১৯) দায়ের করা হয়। এজাহারে একজনকে আসামি করা হয়েছে। পুলিশ ও ডিবি যৌথভাবে আসামিদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে।
উল্লেখ্য, গত শুক্রবার জুমার নামাজের পর বিজয়নগরে নির্বাচনী প্রচারণার সময় শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।












