বিদেশে হাদির চিকিৎসার পুরো খরচ দেবে সরকার, ঘোষণা অর্থ উপদেষ্টার
সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির বিদেশে চিকিৎসার যাবতীয় ব্যয়ভার বহন করবে অন্তর্বর্তী সরকার। সোমবার (১৫ ডিসেম্বর) সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানান, হাদিকে বিদেশে নিয়ে চিকিৎসার জন্য যত টাকার প্রয়োজন হবে, তার পুরোটাই অর্থ মন্ত্রণালয় থেকে বরাদ্দ দেওয়া হবে। এ সময় দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “দেশের রাজনৈতিক পরিবেশ সন্তোষজনক এবং এটি আরও স্থিতিশীল হবে।” এছাড়াও আগামী নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হবে বলেও তিনি আশ্বস্ত করেন।
এর আগে রোববার (১৪ ডিসেম্বর) হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নেয় সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, হাদির চিকিৎসার সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে। তাকে বহনের জন্য এয়ার অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল এবং সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তির সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস হাদির চিকিৎসার বিষয়টি সার্বক্ষণিক পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছেন।
গত শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় নির্বাচনী প্রচারণার সময় রিকশায় যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। সন্ত্রাসীরা মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। এরপর থেকে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
রোজ খবর…










