থামার নাম নেই—এবার বাড়ল এলপি গ্যাসের দাম
ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হলো তরল পেট্রোলিয়াম গ্যাস (এলপি গ্যাস) এর দাম। নতুন নির্ধারণ অনুযায়ী, ১২ কেজি সিলিন্ডারের মূল্য ১ হাজার ৭২৮ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা করা হয়েছে। অর্থাৎ এক লাফে বেড়েছে ২১২ টাকা।
রোববার (১৯ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সংস্থাটি জানায়, নতুন এই দাম আজ সন্ধ্যা থেকেই সারা দেশে কার্যকর হবে।
এর ফলে স্বল্প সময়ের মধ্যেই এলপি গ্যাসের দামে বড় ধরনের উল্লম্ফন দেখা গেল। মাত্র ১৮ দিনের ব্যবধানে দুই দফায় ১২ কেজি সিলিন্ডারের দাম মোট ৫৯৯ টাকা বেড়েছে।
এর আগে গত ২ এপ্রিল প্রথম দফায় ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৮৭ টাকা বাড়ানো হয়েছিল। এরপর আজ আবারও ২১২ টাকা বৃদ্ধি পেল।
জ্বালানি বাজারে এই ধারাবাহিক মূল্যবৃদ্ধি সাধারণ ভোক্তাদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ব্যয় আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।



















