“শেষের পথে যুক্তরাষ্ট্র-ইরান দ্বন্দ্ব!”—বড় সুখবর দিল পাকিস্তান
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার। তিনি বলেছেন, এখন মাত্র কয়েকটি বিষয়েই সমঝোতা বাকি রয়েছে, যা দ্রুত সমাধান হলে দীর্ঘদিনের উত্তেজনার অবসান ঘটতে পারে।
শুক্রবার (১৭ এপ্রিল) তুরস্কে অনুষ্ঠিত আন্টালিয়া কূটনীতি ফোরামে এক আলোচনায় অংশ নিয়ে দার এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র-ইরান বিরোধের কারণে দক্ষিণ এশিয়াসহ বিস্তৃত অঞ্চলের অর্থনীতি ও বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইসহাক দার বলেন, “প্রায় ২০০ কোটি মানুষের আবাসস্থল দক্ষিণ এশিয়ার মোট জিডিপি মাত্র ৪ ট্রিলিয়ন ডলার, যা সম্ভাবনার তুলনায় অত্যন্ত কম।” তিনি আঞ্চলিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করে বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে কার্যকর বাণিজ্য কাঠামো গড়ে তোলা জরুরি।
তিনি আরও জানান, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রায় ৪৭ বছর পর সংলাপ এগিয়ে নিতে পাকিস্তানের ভূমিকা একটি গর্বের বিষয়। একই সঙ্গে লেবাননে যুদ্ধবিরতির পর গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়টিকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন তিনি।
দার বলেন, আঞ্চলিক যোগাযোগ ও ট্রানজিট বাণিজ্য বৃদ্ধির ক্ষেত্রে পাকিস্তান একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, যা ভবিষ্যতে অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হবে।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক স্বাভাবিক হলে বৈশ্বিক জ্বালানি বাজার ও বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়তে পারে এবং দক্ষিণ এশিয়াসহ বিভিন্ন অঞ্চলে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরতে পারে।
তথ্যসূত্র: সামা টিভি



















