রাজধানীতে কিশোর গ্যাংয়ের দাপট: প্রকাশ্যে কুপিয়ে জখম গ্যাং লিডার
রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে ‘এলেক্স ইমন’ (৩০) নামে এক কুখ্যাত গ্যাং লিডারকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিদ্বন্দ্বী ডাইল্লা হৃদয় গ্রুপের সদস্যরা। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেল আনুমানিক ৪টা ২০ মিনিটে মোহাম্মদপুর থানাধীন বেরিবাঁধ সংলগ্ন পাবনা হাউজ গলিতে এ হামলার ঘটনা ঘটে। ডাইল্লা হৃদয় গ্রুপের ৬ থেকে ৭ জন সদস্য ধারালো অস্ত্র—সামুরাই ও চাপাতি—নিয়ে এলেক্স ইমনের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতরভাবে আহত হন।
ঘটনার খবর পেয়ে মোহাম্মদপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হামলায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করে। আটক ব্যক্তিরা হলেন মো. সাইফ (২৩), তুহিন (২০) এবং রাব্বি কাজী (২৫)।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের কাছ থেকে হামলায় ব্যবহৃত ৩টি সামুরাই এবং ১টি বড় ছুরি উদ্ধার করা হয়েছে। এসব আলামত জব্দ করে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।
গুরুতর আহত এলেক্স ইমনকে উদ্ধার করে দ্রুত নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক এবং তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
পুলিশ আরও জানায়, এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা প্রক্রিয়াধীন।
রাজধানীর বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের তৎপরতা দিন দিন উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। আধিপত্য বিস্তার, পূর্ব শত্রুতা এবং স্থানীয় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে এ ধরনের সহিংস ঘটনা ঘটছে, যা জননিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে দেখা দিচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী এ ধরনের অপরাধ দমনে কঠোর অবস্থানের কথা জানিয়েছে।



















