ঘুষের ভিডিও প্রকাশের জেরে মামলা, উত্তাল মুন্সীগঞ্জ প্রেসক্লাব
মুন্সীগঞ্জে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জেলার সংবাদকর্মীরা। একই সঙ্গে অভিযুক্ত ঘুষ গ্রহণকারী কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকে সাত দিনের আল্টিমেটাম দেওয়া হয়েছে।
রোববার (১২ এপ্রিল) বেলা ১২টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাবের সামনে প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের সদস্য এবং সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।
মানববন্ধন থেকে বক্তারা জানান, সাত কর্মদিবসের মধ্যে মুন্সীগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের অভিযুক্ত কর্মচারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় জেলা প্রশাসন, সিভিল সার্জন কার্যালয়সহ সংশ্লিষ্ট সকল দপ্তরের সংবাদ প্রকাশ বন্ধ রাখার ঘোষণা দেন তারা।
জানা যায়, মুন্সীগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের স্টেনোগ্রাফার মো. মিজানুর রহমান-এর বিরুদ্ধে ঘুষ গ্রহণের ভিডিওসহ একটি সংবাদ প্রকাশ করা হয়। এ সংবাদের জেরে এনটিভির মুন্সীগঞ্জের স্টাফ রিপোর্টার ও স্থানীয় দৈনিক মুন্সীগঞ্জের সময় পত্রিকার প্রকাশক ও সম্পাদক মইনুদ্দিন আহম্মেদ সুমন এবং দৈনিক বাংলাদেশ প্রতিনিধি পত্রিকার মুন্সীগঞ্জ প্রতিনিধি আবু সাঈদ দেওয়ান সৌরভ-এর বিরুদ্ধে মিজানুর রহমান মিথ্যা মামলা দায়ের করেছেন বলে অভিযোগ করা হয়।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, অভিযুক্ত কর্মচারী দীর্ঘ ৩৮ বছর ধরে একই কর্মস্থলে থেকে ঘুষের মাধ্যমে প্রভাব বিস্তার করে আসছেন। একাধিকবার বদলির আদেশ হলেও তিনি একই দপ্তরে বহাল রয়েছেন, যা প্রশাসনিক দুর্বলতার ইঙ্গিত দেয়। জেলার বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক তার দুর্নীতির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও অভিযোগ করেন তারা।
বক্তারা মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার, সাংবাদিকদের হয়রানি বন্ধ এবং অভিযুক্ত কর্মচারীর চাকরি থেকে অব্যাহতির দাবি জানান। পাশাপাশি, এ ধরনের দুর্নীতির সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদেরও আইনের আওতায় আনার আহ্বান জানানো হয়।



















