মন্ত্রী-প্রতিমন্ত্রীদের কাজের মূল্যায়ন শুরু করেছেন প্রধানমন্ত্রী
সরকার গঠনের এক মাস পূর্ণ হওয়ার পরপরই মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের কাজের ওপর মূল্যায়ন শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব পালনে গাফিলতি, ধীরগতি কিংবা জনবিচ্ছিন্নতা বরদাস্ত করা হবে না বলে সংশ্লিষ্টদের স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রোববার (২৯ মার্চ) আকস্মিকভাবে সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এ ধরনের পরিদর্শন আগামীতেও অব্যাহত থাকবে বলে জানা গেছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় ও সচিবালয়ের সূত্রে জানা যায়, মন্ত্রীদের কার্যক্রম মূল্যায়নে কেবল দাফতরিক প্রতিবেদনের ওপর নির্ভর করা হচ্ছে না। উপদেষ্টা, প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিশেষ ব্যবস্থায় মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতিক্রিয়া, গণমাধ্যমের প্রতিবেদন ও টেলিভিশন ফুটেজও পর্যালোচনায় রাখা হয়েছে। প্রতিটি মন্ত্রণালয়কে আগামী ছয় মাসের কর্মপরিকল্পনা জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে, যা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।
সূত্র আরও জানায়, গত এক মাসে কয়েকজন মন্ত্রীর অপ্রাসঙ্গিক ও বিতর্কিত মন্তব্যে অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। নিজ নিজ মন্ত্রণালয়ের বাইরে অন্য বিষয়ে মন্তব্য এবং একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে সমন্বয়হীনতার বিষয়টি তার নজরে এসেছে। এ প্রেক্ষাপটে ‘এক মন্ত্রীর হাতে একটি মন্ত্রণালয়’ নীতি অনুসরণের বিষয়টি বিবেচনায় রয়েছে।
ইতোমধ্যে মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টনে পরিবর্তনের আভাস পাওয়া গেছে। গত ২৫ মার্চ এক প্রজ্ঞাপনের মাধ্যমে টেকনোক্র্যাট মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের কাছ থেকে খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব প্রত্যাহার করে তা প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীর কাছে দেওয়া হয়েছে। এছাড়া একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা কয়েকজন মন্ত্রীর দায়িত্ব পুনর্বিন্যাস করা হতে পারে বলে জানা গেছে।
তৃণমূল পর্যায়ের বাস্তব অবস্থা জানতে প্রধানমন্ত্রী সরাসরি কর্মচারীদের কাছ থেকেও তথ্য নিচ্ছেন। বাজার পরিস্থিতি, আইনশৃঙ্খলা ও সাধারণ মানুষের মতামত সম্পর্কে তিনি নিয়মিত খোঁজখবর নিচ্ছেন বলে সূত্র জানিয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, মন্ত্রিসভার কাজের মূল্যায়ন ও প্রয়োজনীয় রদবদল একটি স্বাভাবিক প্রক্রিয়া। এর মাধ্যমে সরকারের কার্যকারিতা ও জবাবদিহিতা আরও বাড়বে।
বর্তমানে ৪৮ সদস্যের মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৩ জন প্রতিমন্ত্রী রয়েছেন। এছাড়া প্রধানমন্ত্রীর উপদেষ্টা রয়েছেন ১০ জন।



















