জামায়াত নেতাকে ৯০ হাজার টাকা জরিমানা
পাবনায় অবৈধ তেল মজুতের অভিযোগ
পাবনায় একটি অবৈধ তেল পাম্পে জ্বালানি তেল মজুতের অভিযোগে এক জামায়াত নেতাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৭ মার্চ) বিকেলে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আলীম।
অভিযানে সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামে অবস্থিত একটি তেল পাম্প থেকে জেলা জামায়াতের রোকন ও হেমায়েতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ওরফে আলম হাজীকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ইসলামপুর গ্রামের জামে মসজিদ সংলগ্ন আলম হাজীর তেল পাম্পে গোপনে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুত করে রাখা হয়েছিল। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন তথ্যের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়।
প্রায় দুই ঘণ্টাব্যাপী অভিযানে পাম্পটিতে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এ সময় ঝুঁকিপূর্ণ পরিবেশে প্লাস্টিকের ট্যাংকে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুত করা হয়েছে বলে ভ্রাম্যমাণ আদালত দেখতে পায়। এছাড়া পাম্প কর্তৃপক্ষ পেট্রল মজুত ও বিক্রির জন্য প্রয়োজনীয় বৈধ অনুমোদন ও কাগজপত্র দেখাতে পারেনি।
স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, এর আগেও ২০২১ সালের নভেম্বরে ওই তেল পাম্পে বিস্ফোরণের ঘটনায় দুই শ্রমিক দগ্ধ হয়ে মারা যান। সে সময় অবৈধ ও ঝুঁকিপূর্ণভাবে পাম্প পরিচালনার বিষয়টি সামনে এলেও পরবর্তীতে আবারও কার্যক্রম চালু করা হয় বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আলীম বলেন, অবৈধ কার্যক্রমের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের আইনে জরিমানা করা হয়েছে এবং প্রয়োজনীয় কাগজপত্র ঠিক করার জন্য সতর্ক করা হয়েছে। তিনি জানান, সংশোধন না হলে ভবিষ্যতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।



















