নারী কেলেঙ্কারিসহ আলোচিত সেই এসপির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের এসপি (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) আপেল মাহমুদকে ঘিরে নতুন করে একাধিক চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। নারী কেলেঙ্কারি, অবৈধভাবে সমুদ্রসৈকত ভাড়া দেওয়া, মাদক জব্দে অনিয়ম ও চাঁদাবাজিসহ নানা অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
অভিযোগ রয়েছে, কক্সবাজারের লাবণী থেকে কলাতলী পয়েন্ট পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সৈকত এলাকায় একটি স্টিল কোম্পানির বিজ্ঞাপন বসানোর জন্য জেলা প্রশাসনের অনুমোদন ছাড়াই প্রায় ৩০ লাখ টাকার বিনিময়ে জায়গা ভাড়া দেওয়া হয়। এছাড়া পর্যটকদের নিরাপত্তার জন্য নির্মিত ওয়াচ টাওয়ার ও অন্যান্য স্থাপনাও অবৈধভাবে ভাড়া দেওয়ার অভিযোগ উঠেছে।
এদিকে এক তরুণীর ভিডিও বার্তায় দাবি করা হয়েছে, তাকে জোর করে প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে আপত্তিকর সম্পর্কে বাধ্য করা হতো। সেখানে এসপি আপেল মাহমুদের নামও উল্লেখ করা হয়। একই সঙ্গে কয়েকজন নারী উদ্যোক্তার সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।
এছাড়া একটি হোটেলে অভিযান চালিয়ে বিপুল ইয়াবা উদ্ধারের ঘটনায় অনিয়মের অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, ঘটনাস্থলে থাকা মাদকের বড় অংশ মামলায় দেখানো হয়নি।
তবে এসব অভিযোগকে ভুল বোঝাবুঝি ও ষড়যন্ত্র বলে দাবি করেছেন এসপি আপেল মাহমুদ।




















