বাজারে অস্থিরতা ঠেকাতে জরুরি ব্যবস্থা নেওয়ার নির্দেশ
খুচরা বাজারে মোটা চালের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে তাৎক্ষণিক পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও মাঠ প্রশাসনকে কঠোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, প্রান্তিক ও নিম্নআয়ের মানুষের প্রধান খাদ্য হিসেবে বিবেচিত মোটা চালের দাম বাড়ার বিষয়টি সরকারের সর্বোচ্চ পর্যায়ে গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে। বাজারে কৃত্রিম সংকট বা মজুতদারির অভিযোগ পাওয়া গেলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন জানান, বাজার তদারকি জোরদার, পাইকারি ও খুচরা পর্যায়ে সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ এবং প্রয়োজন হলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার প্রস্তুতি রাখতে বলা হয়েছে। নির্দেশনার পরপরই বিভিন্ন জেলায় প্রশাসনের তৎপরতা বাড়ানো হয়েছে বলে জানা গেছে।
এ ছাড়া রাজধানীর বিভিন্ন সড়কে প্রধানমন্ত্রীর অভিনন্দন জানিয়ে টানানো বিলবোর্ড ও ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। জনদুর্ভোগ এড়ানো ও সড়কের স্বাভাবিক শৃঙ্খলা বজায় রাখতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
অন্যদিকে উপকূলীয় অঞ্চল ও বঙ্গোপসাগর এলাকায় জলদস্যুতা, ডাকাতি ও অবৈধ পাচার প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত টহল আরও জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। জেলেদের নিরাপত্তা ও মৎস্যসম্পদ সুরক্ষায় সংশ্লিষ্ট বাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে।

















