নাসিমা নাজনিন বলেন, “রাজনীতিতে নারীর অংশগ্রহণ বাড়ানো এবং সাধারণ মানুষের কথা সংসদে তুলে ধরাই আমার লক্ষ্য। আমি প্রতীক নয়, মানুষের ভোটে নির্বাচিত হয়ে তাদের প্রতিনিধি হতে চাই। আমার অংশগ্রহণ নারীদের রাজনীতিতে এগিয়ে আসার অনুপ্রেরণা হয়ে থাকুক।”
চাঁদপুর-২ আসনের একমাত্র নারী প্রার্থী নাসিমা নাজনিন ভোটের মাঠে
মতলব (চাঁদপুর) প্রতিনিধি | ২২ জানুয়ারি ২০২৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর জেলার পাঁচটি সংসদীয় আসনে মোট ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে একমাত্র নারী প্রার্থী হিসেবে ভোটার ও রাজনৈতিক অঙ্গনে নজর কাড়ছেন বাংলাদেশ লেবার পার্টির মনোনীত নাসিমা নাজনিন সরকার।
তিনি চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসন থেকে ‘আনারস’ প্রতীক নিয়ে নির্বাচনী লড়াইয়ে অংশ নিচ্ছেন। পুরুষপ্রধান রাজনীতির মাঠে একমাত্র নারী প্রার্থী হওয়ায় নাসিমা নাজনিন সরকারের প্রতি বিশেষ আগ্রহ ও আলোচনা তৈরি হয়েছে।
নাসিমা নাজনিন বলেন, “রাজনীতিতে নারীর অংশগ্রহণ বাড়ানো এবং সাধারণ মানুষের কথা সংসদে তুলে ধরাই আমার লক্ষ্য। আমি প্রতীক নয়, মানুষের ভোটে নির্বাচিত হয়ে তাদের প্রতিনিধি হতে চাই। আমার অংশগ্রহণ নারীদের রাজনীতিতে এগিয়ে আসার অনুপ্রেরণা হয়ে থাকুক।”
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, একমাত্র নারী প্রার্থী হিসেবে তার অংশগ্রহণ ভোটের লড়াইকে ভিন্ন মাত্রা দিয়েছে এবং নারী নেতৃত্বকে দৃশ্যমান করার গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে।
চাঁদপুর-২ আসনে প্রতীক বরাদ্দের তালিকা অনুযায়ী:
বিএনপি: ধানের শীষ – ড. মো. জালাল উদ্দিন
এলডিপি: ছাতা – বিল্লাল হোসেন মিয়াজি
জাতীয় পার্টি: লাঙ্গল – মো. এমরান হোসেন মিয়া
ইসলামী আন্দোলন: হাতপাখা – মানছুর আহমেদ সাকি
বিআরপি: হাতি – ফয়জুন্নুর আখন রাসেল
গণঅধিকার পরিষদ: ট্রাক – গোলাফ হোসেন
নাগরিক ঐক্য: কেটলি – এনামুল হক
লেবার পার্টি: আনারস – নাসিমা নাজনিন সরকার
স্বতন্ত্র প্রার্থী তানভীর হুদার মনোনয়ন ঋণখেলাপির কারণে এখনও আইনি জটিলতায় রয়েছে।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, এই আসনে শুরুতে মোট ২০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। যাচাই-বাছাই শেষে প্রাথমিকভাবে ৫ জনের মনোনয়ন বৈধ ছিল। পরে আপিল প্রক্রিয়ায় ৫ জনের মনোনয়ন ফেরত আসে এবং তিনজন মনোনয়ন প্রত্যাহার করায় বর্তমানে চাঁদপুর-২ আসনে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।










