টানা চার বছর চীনে জনসংখ্যা কমছে, রেকর্ড সর্বনিম্ন জন্মহার
টানা চার বছর ধরে চীনে জনসংখ্যা কমতে থাকায় দেশটির জনসংখ্যাগত সংকট আরও গভীর আকার ধারণ করছে। সর্বশেষ পরিসংখ্যানে দেখা গেছে, গত বছর দেশটিতে ইতিহাসের সর্বনিম্ন জন্মহার রেকর্ড করা হয়েছে। এতে বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতির এই দেশের শ্রমবাজার, সামাজিক নিরাপত্তা ও ভবিষ্যৎ অর্থনৈতিক ভারসাম্য নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, ২০২৫ সালে চীনের জনসংখ্যা টানা চতুর্থ বছরের মতো কমেছে। এ বছর দেশটির মোট জনসংখ্যা ৩৩ লাখ ৯০ হাজার কমে দাঁড়িয়েছে ১৪০ কোটি ৫০ লাখে। জনসংখ্যা হ্রাসের গতি আগের বছরের তুলনায় আরও বেড়েছে।
ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০২৫ সালে চীনে মোট জন্মসংখ্যা নেমে এসেছে মাত্র ৭৯ লাখ ২০ হাজারে, যা কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন। আগের বছর ২০২৪ সালে এই সংখ্যা ছিল ৯৫ লাখ ৪০ হাজার। একই সময়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ১৩ লাখ ১০ হাজারে, যা ২০২৪ সালে ছিল ১ কোটি ৯৩ হাজার।
পরিসংখ্যানে আরও দেখা যায়, ২০২৫ সালে চীনে প্রতি এক হাজার মানুষের বিপরীতে জন্মহার কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৬৩ শতাংশে। এটি ২০২৩ সালের ৬ দশমিক ৩৯ শতাংশ জন্মহারের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। যদিও ২০২৪ সালে জন্মহারে সামান্য বৃদ্ধি দেখা গিয়েছিল, তবে সর্বশেষ তথ্য বলছে সেটি ছিল একটি সাময়িক বা বিচ্ছিন্ন ঘটনা।
বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘমেয়াদে এই নিম্ন জন্মহার চীনের জনসংখ্যাগত কাঠামোকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলবে এবং প্রবীণ জনগোষ্ঠীর চাপ বাড়াবে।
তবে জনসংখ্যা কমলেও অর্থনৈতিক দিক থেকে ২০২৫ সালে চীন ইতিবাচক অবস্থান ধরে রেখেছে। সরকারি তথ্য অনুযায়ী, এ বছর দেশটির অর্থনীতি ৫ শতাংশ হারে বেড়েছে, যা নির্ধারিত লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
সূত্র: রয়টার্স




















