ট্রেনের ভেতর তরুণীকে ধর্ষণচেষ্টা
ভারতের ঝাড়খণ্ডের রাঁচীতে এক নির্জন রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের ভেতর ২২ বছর বয়সী এক তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে এক সেনা সদস্যের বিরুদ্ধে। তরুণীর চিৎকার শুনে রেলওয়ে পুলিশ (আরপিএফ) ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে এবং অভিযুক্ত সেনা সদস্যকে গ্রেফতার করে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে। রাঁচীর একটি স্টেশনে ট্রেনের অপেক্ষায় বসেছিলেন ওই তরুণী। স্টেশনটি তখন বেশ ফাঁকা ছিল।
ট্রেন আসার পর তরুণী কামরায় ওঠার পরপরই ৪২ বছর বয়সী ওই সেনা সদস্য সেখানে উপস্থিত হন। অভিযোগ রয়েছে, তিনি তরুণীকে জোরপূর্বক টেনেহিঁচড়ে একটি ফাঁকা কামরায় নিয়ে যান এবং ধর্ষণের চেষ্টা করেন। এ সময় আতঙ্কে তরুণী চিৎকার ও কান্না শুরু করেন।
স্টেশনে টহলরত আরপিএফ কর্মীরা তরুণীর চিৎকার শুনে দ্রুত ওই কামরার দিকে ছুটে যান। পুলিশকে দেখে অভিযুক্ত পালানোর চেষ্টা করেন। তবে ধস্তাধস্তির একপর্যায়ে আরপিএফ তাকে আটক করতে সক্ষম হয়। পালানোর সময় পড়ে গিয়ে ওই সেনা সদস্য কিছুটা আহতও হন।
গ্রেফতারকৃত সেনা সদস্যের বাড়ি উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। তিনি পাঞ্জাবের পটীয়ালা রেজিমেন্টে কর্মরত। আরপিএফের এক কর্মকর্তা জানান, ট্রেনে সেনাবাহিনীর মালামাল পরিবহন করা হচ্ছিল এবং অভিযুক্ত ওই ব্যক্তি সেগুলো পাহারার দায়িত্বে ছিলেন। গ্রেফতারের সময় তিনি মদ্যপ অবস্থায় ছিলেন বলে প্রমাণ পাওয়া গেছে।
এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। শুক্রবার তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।










