দেশপ্রেম যেন কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন না করে: লুৎফুজ্জামান বাবর
সম্প্রতি ভারতীয় হাইকমিশন অভিমুখে যাত্রাকালে বিক্ষোভকারীদের মুখে ‘বাবরের পথ ধরো, সেভেন সিস্টার্স স্বাধীন করো’ স্লোগান শোনা যায়। নিজের নাম জড়িয়ে এমন স্লোগান ও কর্মসূচির বিষয়ে মুখ খুলেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর। তিনি তরুণদের দেশপ্রেমের প্রশংসা করলেও তা যেন কূটনৈতিক ও রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘন না করে, সে বিষয়ে সতর্ক করেছেন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে লুৎফুজ্জামান বাবর এই মন্তব্য করেন।
গত বুধবার (১৭ ডিসেম্বর) জুলাই ঐক্যের ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচিতে বিক্ষোভকারীরা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ‘বাবরের পথ ধরো, সেভেন সিস্টার্স স্বাধীন করো’ এবং ‘যে ভারত খুনি পালে, সেই ভারত ভেঙে দাও’—স্লোগান দুটি ভাইরাল হয়।
এ প্রসঙ্গে বাবর তার পোস্টে লিখেন, “কিছু তরুণ দেশপ্রেমের আবেগে এবং ভূ-রাজনীতি ও কূটনৈতিক শিষ্টাচার সম্পর্কে সীমিত ধারণা থেকে আমার নাম ব্যবহার করে অনাকাঙ্ক্ষিত কর্মসূচিতে জড়িয়েছেন, এটি দুঃখজনক। দেশপ্রেম প্রশংসনীয়, তবে তা যেন রাজনৈতিক ও কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন না করে।”
তিনি বর্তমান সংবেদনশীল পরিস্থিতিতে সবাইকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়ে বলেন, “দেশের শান্তি, স্থিতিশীলতা ও আসন্ন নির্বাচন প্রক্রিয়া যাতে কোনো ঝুঁকিতে না পড়ে, সেদিকে সবার দায়িত্বশীল থাকা উচিত।”
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনা ঘটে। হাদি বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন। এই ঘটনায় জড়িত মূল সন্দেহভাজনরা ভারতে পালিয়ে গেছে বলে অভিযোগ রয়েছে। এছাড়া ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে ফেরত না দেওয়ায় দেশজুড়ে ভারতবিরোধী মনোভাব ও ক্ষোভ বিরাজ করছে, যার বহিঃপ্রকাশ ঘটেছিল বুধবারের কর্মসূচিতে।
রোজ খবর…










