ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত বাতিলসহ চার দফা দাবি নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) দ্বারস্থ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।
মোবাইল ফোন ও বিএনসিসি ইস্যুতে নতুন বার্তা নির্বাচন কমিশনে ডাকসুর ৪ দফা দাবি
ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত বাতিলসহ চার দফা দাবি নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) দ্বারস্থ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ডাকসু ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশন কার্যালয়ে গিয়ে দাবিসমূহ সংবলিত একটি স্মারকলিপি জমা দেয়।
ডাকসুর উত্থাপিত দাবিগুলোর মধ্যে রয়েছে—
ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত বাতিল
ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনের সিদ্ধান্ত থেকে সরে আসা
সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা
প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সম্পূর্ণ নিরপেক্ষ রেখে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা
নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ শেষে সংবাদ সম্মেলনে ডাকসু ভিপি সাদিক কায়েম জানান, কমিশনের পক্ষ থেকে তাদের দাবির বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়া গেছে।
তিনি বলেন, ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধের অযৌক্তিক সিদ্ধান্তটি বাতিল করে নতুন প্রজ্ঞাপন জারির বিষয়ে নির্বাচন কমিশন আশ্বস্ত করেছে। একই সঙ্গে বিএনসিসি মোতায়েনের বিষয়টি পুনর্বিবেচনাসহ অন্যান্য দাবিগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।
ডাকসুর পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনকে অংশগ্রহণমূলক, অবাধ ও বিশ্বাসযোগ্য করতে এসব দাবি বাস্তবায়ন অত্যন্ত জরুরি।



















