মতলব উত্তরে আমুয়াকান্দীর দওয়ান দুলাল মাস্টারের জানাজা সম্পন্ন হয়েছে
আমিনুল ইসলাম আল আমিন:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি, আমুয়াকান্দি গ্রামের দেওয়ান বাড়ির মরহুম সিরাজুল ইসলাম দেওয়ানের জ্যেষ্ঠ পুত্র এবং ওটারচর উচ্চ বিদ্যালয়ের সাবেক সরকারি শিক্ষক দেওয়ান দুলাল মাস্টারের জানাজা নামাজ সম্পন্ন হয়েছে।
বুধবার (২৬ আগস্ট ২০২৬) বাদ আসরপর আমুয়াকান্দি গ্রামের কেন্দ্রীয় কবরস্থানে মাঠে তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। আজ সকাল ১০টা ৩০মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে তিনি মৃত্যুবরণ কররেন। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন, সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মৃত্যুকালে দেওয়ান গোলাম কবির দুলাল মাস্টারের দুই মেয়ে, এক ছেলে, মা, ভাই-বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
জানাজা নামাজের আগে দেওয়ান এমডি সাইফুল ইসলামের সঞ্চালনায়, সংক্ষিপ্ত স্মৃতিচারণমূলক আলোচনায় মরহুম দেওয়ান দুলাল মাস্টারের কর্মময় জীবন ও সমাজে তাঁর অবদানের কথা স্মরণ করে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও গজরা ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজ মুন্সী, গজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক প্রধান শিক্ষক শহিদুল্লাহ প্রধান, ওটারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন শামীম, নাউরিয়া আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাইজুল ইসলাম, ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বশির আহমেদ, তাঁর ছোট ভাই হুমায়ুন কবির এবং গজরা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মামুন মনির।
বক্তারা বলেন, দেওয়ান দুলাল মাস্টার ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষক ও সমাজের একজন সম্মানিত ব্যক্তি। শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে তাঁর অবদান এলাকাবাসী দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
জানাজা নামাজে আমুয়াকান্দিসহ আশপাশের বিভিন্ন এলাকার হাজার হাজার মুসল্লি, রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষক, শিক্ষার্থী, আত্মীয়-স্বজন ও সর্বস্তরের মানুষ অংশ নেন।
জানাজা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
























