অযত্ন-অবহেলায় কুলাউড়ার স্বাধীনতা সৌধ ও শহীদ মিনার, প্রশ্নের মুখে সংরক্ষণ ব্যবস্থা
কুলাউড়া প্রতিনিধি: রুবেল বখস পাভেল।
লাখো শহীদের আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতার স্মৃতিবিজড়িত কুলাউড়ার স্বাধীনতা সৌধ ও শহীদ মিনার দীর্ঘদিন ধরে অযত্ন-অবহেলায় পড়ে রয়েছে। যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে স্মৃতিস্তম্ভগুলোর বিভিন্ন স্থানে আগাছা জন্মেছে, দেয়ালের রং নষ্ট হয়ে গেছে এবং আশপাশের পরিবেশও অপরিচ্ছন্ন হয়ে পড়েছে।
সরেজমিনে দেখা গেছে, স্বাধীনতা সৌধ ও শহীদ মিনারের আশপাশে বিড়ি-সিগারেটের অবশিষ্টাংশ পড়ে রয়েছে। স্থানীয়দের অভিযোগ, কিছু অসচেতন ব্যক্তি সেখানে প্রকাশ্যে প্রস্রাবও করেন। এছাড়া সন্ধ্যার পর অনেককে স্মৃতিস্তম্ভের আশপাশে আড্ডা দিতে দেখা যায়, যা এসব স্থাপনার মর্যাদা ও পবিত্রতাকে প্রশ্নবিদ্ধ করছে।
স্বাধীনতা ও ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে নির্মিত এসব স্মৃতিস্তম্ভে জাতীয় দিবসগুলোতে শ্রদ্ধা নিবেদন করা হলেও বছরের অধিকাংশ সময় নিয়মিত পরিচর্যার অভাব লক্ষ্য করা যায়। স্থানীয়দের মতে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার কারণে ইতিহাস ও গৌরবের প্রতীক এসব স্থাপনার সৌন্দর্য ও মর্যাদা দিন দিন ক্ষুণ্ন হচ্ছে।
এলাকাবাসীর দাবি, স্বাধীনতা সৌধ ও শহীদ মিনার শুধু ইট-পাথরের স্থাপনা নয়, এগুলো জাতির আত্মত্যাগ, ইতিহাস ও গৌরবের প্রতীক। তাই নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা, প্রয়োজনীয় সংস্কার, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং রক্ষণাবেক্ষণের মাধ্যমে এসব স্মৃতিস্তম্ভের মর্যাদা রক্ষা করা জরুরি।
সচেতন মহলের মতে, নতুন প্রজন্মের কাছে মহান মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের ইতিহাস সঠিকভাবে তুলে ধরতে হলে এসব স্মৃতিস্তম্ভ সংরক্ষণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ও কার্যকর উদ্যোগ নিতে হবে।
এ বিষয়ে বক্তব্য জানতে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পৌর প্রশাসকের সানজিদা আক্তার কে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও বক্তব্য পাওয়া যায়নি।















