মাধবপুর স্কুলছাত্রী ধর্ষণ মামলার পলাতক আসামী গ্রেফতার
লিটন পাঠান, হবিগঞ্জ জেলা প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণ ও অপহরণ মামলার পলাতক প্রধান আসামি মো. তাওহিদ তাহারুল ইসলাম (২২) কে গাজীপুরে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে র্যাব। র্যাব সূত্র জানায়, ভুক্তভোগী মাধবপুর উপজেলার বেঙ্গাডোবা এলাকার এক স্কুলছাত্রী। অভিযোগ অনুযায়ী, আসামি তাওহিদ দীর্ঘদিন ধরে প্রেমের প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীকে মানসিকভাবে প্রভাবিত করে এবং বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার ধর্ষণ করে। পরিবারের আপত্তি সত্ত্বেও তাকে অপহরণ করে গাইবান্ধায় নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে মাধবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
মামলার পর থেকেই আসামি আত্মগোপনে চলে যায়। পরে র্যাব-৯ (সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প) এবং র্যাব-১ (সিপিএসসি, গাজীপুর) যৌথভাবে গোয়েন্দা নজরদারি বাড়িয়ে তার অবস্থান শনাক্ত করে। শুক্রবার (১৯-জুন) রাত সাড়ে ৮টায় গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি গাইবান্ধা জেলার গাইবান্ধা সদর উপজেলার নান্দিনা গ্রামের মো. ফাজিরুল ইসলামের ছেলে।
র্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারের পর আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাবের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।













