মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি প্রত্যাশিত ও আধুনিক বাংলাদেশ গড়তে হলে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মেধাভিত্তিক, দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার কোনো বিকল্প নেই। তিনি জানান, বর্তমান সরকার মেধানির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল এবং দায়িত্বশীল মানবসম্পদ তৈরিতে বদ্ধপরিকর।
শনিবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর নিউ ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশন-এর তৃতীয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বিয়াম ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকে একটি দক্ষ ও প্রশিক্ষিত জনপ্রশাসন গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান প্রমাণ করেছে রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ। দীর্ঘদিন ধরে জনগণ একটি জবাবদিহিমূলক, ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমুখী শাসনব্যবস্থার প্রত্যাশা করছিল, বর্তমান সরকার সেই প্রত্যাশা পূরণে কাজ করছে।
প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, একটি আধুনিক রাষ্ট্র গঠনে আমলাতন্ত্রকে আরও জনমুখী হতে হবে। জনগণের সেবক হিসেবে নিজেদের গড়ে তুলতে প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী বিয়াম ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এতে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, মন্ত্রিসভার সদস্য ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



















