ইরানে হামলা অব্যাহত থাকবে: নেতানিয়াহুর কড়া বার্তা
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযান এখনো শেষ হয়নি এবং তেহরানে আরও পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা রয়েছে। এ মন্তব্য মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে নতুন করে উসকে দিয়েছে।
শনিবার (১১ এপ্রিল) দেওয়া এক বক্তব্যে নেতানিয়াহু বলেন, “এই অভিযান এখনো শেষ হয়নি। ইরান আমাদের ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু এখন তারা নিজেদের টিকিয়ে রাখতে লড়াই করছে। আমাদের এখনও অনেক কিছু করার আছে এবং ইরানে পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে আমরাই প্রথম ভয় ভেঙে এগিয়ে গেছি।”
তিনি দাবি করেন, ইরানের সরকার বর্তমানে যুদ্ধবিরতির জন্য চাপ দিচ্ছে এবং দেশটির নেতৃত্বের ভেতরে মতবিরোধ দেখা দিয়েছে। একই সঙ্গে ইরানের ক্ষেপণাস্ত্র মজুদ ধীরে ধীরে কমে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
নেতানিয়াহুর ভাষ্যমতে, ইসরাইলের সামরিক অভিযানের মূল লক্ষ্য ছিল ইরান সরকারকে ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর সবচেয়ে দুর্বল অবস্থায় নিয়ে আসা। তিনি বলেন, ইরানের ইস্পাত শিল্প, গ্যাস উৎপাদন, জ্বালানি অবকাঠামো, সেতু ও রেলপথসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানো হয়েছে।
এ সময় তিনি ‘রাইজিং লায়ন’ এবং ‘রোরিং লায়ন’ নামের সামরিক অভিযানের উল্লেখ করে দাবি করেন, এসব অভিযান না হলে ইরান ইতোমধ্যেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারত। তার মতে, এসব হামলায় একাধিক পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়েছেন এবং ইরানের পারমাণবিক স্থাপনাগুলো গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এছাড়া নেতানিয়াহু আরও দাবি করেন যে, বর্তমানে ইরানের কোনো সক্রিয় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নেই। তবে এসব দাবির বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এবং আন্তর্জাতিক মহলে এ দাবিগুলোর সত্যতা নিয়ে ভিন্নমত রয়েছে।
বিশ্লেষকদের মতে, ইসরাইলের এ ধরনের বক্তব্য মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়াতে পারে এবং আঞ্চলিক স্থিতিশীলতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে কূটনৈতিক সমাধানের সম্ভাবনাও জটিল হয়ে উঠতে পারে।



















