ইলিশ রক্ষায় কড়া পদক্ষেপ: সাগরে ৫৮ দিন মাছ ধরা বন্ধ
ঢাকা: বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিনের জন্য সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। সামুদ্রিক মাছের প্রজনন ও মজুদ বৃদ্ধি নিশ্চিত করতে প্রতিবছরের মতো এবারও এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) সচিবালয়ে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
মন্ত্রী বলেন, ‘জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী’—এই প্রতিপাদ্যে আগামী ৭ থেকে ১৩ এপ্রিল দেশব্যাপী ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’ পালিত হবে। ইলিশসমৃদ্ধ ২০টি জেলায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
তিনি আরও জানান, জাটকা আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয় ও মজুদ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। এ সময় সাগর থেকে শুরু করে বাজার পর্যন্ত কঠোর নজরদারি চালানো হবে এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রী জনসাধারণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, জাটকা সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে, তবেই ইলিশ উৎপাদন বাড়বে এবং দেশের মৎস্যসম্পদ টেকসই থাকবে।
এদিকে, বৈশাখে ভারতে ইলিশ রপ্তানির বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি। এ বিষয়ে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সিদ্ধান্ত নেওয়া হবে।

















