নতুন সময়সূচিতে চলবে অধস্তন আদালত ও ট্রাইব্যুনাল
দেশের অধস্তন আদালত ও ট্রাইব্যুনালগুলোর জন্য নতুন সময়সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর হাইকোর্ট বিভাগ। নতুন সময় অনুযায়ী আদালতের কার্যক্রম চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত।
এই সময়ের মধ্যে দুপুর ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের জন্য বিরতি থাকবে।
রোববার (৫ এপ্রিল) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রধান বিচারপতির নির্দেশনা অনুযায়ী হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) মুহাম্মদ শফিকুর রহমান এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই সময়সূচিই কার্যকর থাকবে। তবে আগের মতোই শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি বহাল থাকবে।

















