হরমুজ প্রণালিতে বাড়ছে জাহাজ চলাচল, মিত্রদেরই সুবিধা দিচ্ছে ইরান
পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে সাম্প্রতিক সময়ে বাণিজ্যিক জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে বেড়েছে। চলমান উত্তেজনার মধ্যেই ইরান সীমিত পরিসরে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
মেরিটাইম বিশ্লেষণ সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, ১৬ মার্চ অন্তত ৮ থেকে ৯টি বিদেশি বাণিজ্যিক জাহাজ এই প্রণালি অতিক্রম করেছে, যা আগের দিনগুলোর তুলনায় প্রায় দ্বিগুণ। বিশ্লেষকদের মতে, ইরান মূলত নিজেদের ঘনিষ্ঠ বা মিত্র দেশগুলোর জাহাজ চলাচলের সুযোগ করে দিচ্ছে।
জাহাজ চলাচল বিশ্লেষকরা জানান, চীন, ভারত ও পাকিস্তানের মতো দেশগুলোর জাহাজ এখন ইরানের জলসীমা ব্যবহার করে চলাচল করছে। তবে পশ্চিমা দেশগুলোর কোনো জাহাজ এখনো এই ঝুঁকিপূর্ণ পথে চলাচলে আগ্রহ দেখায়নি।
ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে উত্তেজনা শুরুর পর হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল প্রায় ৯৫ শতাংশ কমে গিয়েছিল। বিশ্বের মোট তেলের বড় একটি অংশ এই পথ দিয়ে সরবরাহ হওয়ায় এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক বাজারে। ইতোমধ্যে তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে গেছে।
এদিকে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, হরমুজ প্রণালি সবার জন্য উন্মুক্ত থাকলেও ‘শত্রু’ দেশগুলোর ক্ষেত্রে তা প্রযোজ্য নয়। বিশ্লেষকদের মতে, এই কৌশলের মাধ্যমে ইরান একদিকে বাণিজ্য আংশিক সচল রাখছে, অন্যদিকে ভূরাজনৈতিক চাপও ধরে রাখছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে তারা প্রয়োজনে এককভাবেও ব্যবস্থা নিতে প্রস্তুত। ইতোমধ্যে অঞ্চলটিতে সামরিক তৎপরতাও বাড়িয়েছে দেশটি।



















