একাধিক নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল: হাতিয়ার সেই ইউএনও ওএসডি
নোয়াখালীর হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সঙ্গে এক নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার পর মঙ্গলবার (১৭ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করে।
এর আগে সোমবার (১৬ মার্চ) ২৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে ইউএনওর সঙ্গে এক নারীর আপত্তিকর দৃশ্য দেখা যায় বলে দাবি করা হয়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
তবে ভিডিওটি ভুয়া বলে দাবি করেছেন ইউএনও মো. আলাউদ্দিন। তার অভিযোগ, শত্রুতাবশত কেউ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে অপপ্রচার চালাচ্ছে।
স্থানীয় সূত্র জানায়, ভিডিও ভাইরাল হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর সোমবার সকালেই তিনি কর্মস্থল ত্যাগ করে জেলা সদরে চলে যান। এরপর থেকে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানা গেছে।
নোয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন তিনি পেয়েছেন।



















