নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে ৩৫ প্রার্থীর মামলা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে হাইকোর্টে মামলা করেছেন পরাজিত ৩৫ জন প্রার্থী। নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে করা এসব মামলা শুনানির জন্য গ্রহণ করেছেন আদালত।
নির্বাচনি মামলা দায়েরের জন্য নির্ধারিত বিচারপতি মো. জাকির হোসেনের একক বেঞ্চ পৃথকভাবে করা আবেদনগুলো গ্রহণ করে শুনানির জন্য রেখেছেন। একই সঙ্গে সংশ্লিষ্ট আসনগুলোর ব্যালট পেপার, সিসিটিভি ফুটেজসহ নির্বাচনসংক্রান্ত গুরুত্বপূর্ণ সামগ্রী সংরক্ষণের জন্য নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বিজয়ী প্রার্থীদের প্রতিও নোটিশ জারি করা হয়েছে।
মামলাকারীদের মধ্যে বিএনপির ২১ জন, জামায়াতে ইসলামীর ১২ জন এবং বাংলাদেশ খেলাফত মজলিস ও এলডিপির একজন করে প্রার্থী রয়েছেন।
বিএনপির প্রার্থীদের মধ্যে রয়েছেন— মাদারীপুর-১ আসনের নাদিরা আক্তার, নীলফামারী-২ আসনের শাহরিন ইসলাম, চুয়াডাঙ্গা-১ আসনের মো. শরীফুজ্জামান, ঢাকা-১১ আসনের এম এ কাইয়ুম, কুষ্টিয়া-৪ আসনের সৈয়দ মেহেদী আহমেদ রুমী, ঢাকা-৫ আসনের মো. নবী উল্লাহ, গাইবান্ধা-৫ আসনের মো. ফারুক আলম, পাবনা-৩ আসনের মো. হাসান জাফির তুহিন, সিরাজগঞ্জ-৪ আসনের আকবর আলী, কুমিল্লা-১১ আসনের কামরুল হুদা, ঢাকা-৪ আসনের তানভীর আহমেদ রবিন, ঢাকা-১৬ আসনের আমিনুল হক, ময়মনসিংহ-১ আসনের সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, কুড়িগ্রাম-২ আসনের সোহেল হোসনাইন কায়কোবাদ, রংপুর-৬ আসনের সাইফুল ইসলাম, রংপুর-৪ আসনের এমদাদুল হক ভরসা, রাজশাহী-১ আসনের অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মো. শরীফউদ্দিন, রাজশাহী-৪ আসনের ডিএমডি জিয়াউর রহমান, পাবনা-৪ আসনের হাবিবুর রহমান হাবিব, শেরপুর-১ আসনের সানসিলা জেবরিন এবং ময়মনসিংহ-২ আসনের মোতাহার হোসেন তালুকদার।
জামায়াতে ইসলামীর প্রার্থীদের মধ্যে রয়েছেন— খুলনা-৫ আসনের দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, পিরোজপুর-২ আসনের শামীম সাঈদী, বরগুনা-২ আসনের ডা. সুলতান আহম্মেদ, নারায়ণগঞ্জ-২ আসনের ইলিয়াছ মোল্লা, নারায়ণগঞ্জ-৩ আসনের ইকবাল হোসেন ভূইয়া, লালমনিরহাট-১ আসনের আনোয়ারুল ইসলাম রাজু, লালমনিরহাট-২ আসনের ফিরোজ হায়দার, ঢাকা-৬ আসনের আব্দুল মান্নান, গাইবান্ধা-৪ আসনের মো. আব্দুর রহিম সরকার, ঢাকা-৭ আসনের মো. এনায়েতউল্লাহ, কক্সবাজার-৪ আসনের নূর আহম্মেদ আনোয়ারী এবং ঢাকা-১০ আসনের জসিমউদ্দিন সরকার।
এছাড়া ঢাকা-১৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক এবং চট্টগ্রাম-১৪ আসনে এলডিপির ওমর ফারুকও নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে আদালতে আবেদন করেছেন।
মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী রুহুল কুদ্দুস কাজল বলেন, বিভিন্ন কেন্দ্রে গুরুতর অনিয়মের অভিযোগ রয়েছে। কোথাও প্রিজাইডিং কর্মকর্তা নিজেই ব্যালটে সিল মারার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে। আবার কিছু কেন্দ্রে বিপুলসংখ্যক ব্যালট বাতিল করা হয়েছে, যা অস্বাভাবিক বলে দাবি করেন তিনি।
তিনি আরও জানান, কিছু ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিজয়ী ঘোষিত প্রার্থীদের সহায়তা করেছেন— এমন অভিযোগও মামলায় উল্লেখ করা হয়েছে।
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনি অনিয়মের বিরুদ্ধে করা এসব আবেদন শুনানির জন্য প্রধান বিচারপতি হাইকোর্টের একটি একক বেঞ্চ নির্ধারণ করে দিয়েছেন। সেই অনুযায়ী বিচারপতি মো. জাকির হোসেনের বেঞ্চে এসব মামলার শুনানি চলছে।



















